ওঙ্কার ডেস্ক: সম্প্রতি দিল্লিতে মোদী সরকার বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ পেলেট গান বা ছররা গুলি চালিয়েছিল। যা নিয়ে সরগরম দেশের রাজনীতি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিষয়টি নিয়ে সরব। এই আবহে ছররা গুলি নিয়ে বড় পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে পুলিশ ছররা গুলি ব্যবহার করতে পারে। এমনটাই মত সর্বোচ্চ আদালতের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট একই সঙ্গে কেন্দ্র সরকারকেও নির্দেশ দিয়েছে, যন্তর মন্তরে আন্দোলনের সময়ে মোতায়েন থাকা র্যাফের কাছে কী কী কার্তুজ ছিল, সেই হিসেব সংরক্ষণ করতে হবে।
নিট প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে রাজধানীতে হওয়া আন্দোলনে ছররা গুলি চালানো হলে বেশ কয়েক জন জখম হন। এই পরিস্থিতিতে ছররা গুলির ব্যবহার নিষিদ্ধ করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা হয়। মামলাকারীদের দাবি, আন্দোলনের সময়ে পুলিশ তাঁদের লক্ষ্য করে ছররা গুলি চালিয়েছে। এর ফলে তারা জখম হয়েছেন। পেলেট গান ব্যবহার বন্ধের আর্জি জানিয়ে মামলা করেন, কেন্দ্রের প্রাক্তন তথ্য কমিশনার তথা অবসরপ্রাপ্ত আমলা যশবর্ধন আজাদও। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চ জানায়, বাহিনীর নিয়মবিধি অনুযায়ী ছররা গুলি ব্যবহার করতে পারে পুলিশ। তবে তা কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই। এ প্রসঙ্গে ‘ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর নির্দেশিকার কথাও উল্লেখ করেন বিচারপতি। এই গুলি ব্যবহারের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কী রয়েছে, তা-ও জানতে চায় সুপ্রিম কোর্ট। দিল্লি পুলিশকে তা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন শহরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল হয়েছিল। গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির ডাকে ছাত্রছাত্রীরা সংসদ অভিযান করে। সেই আন্দোলনে পুলিশ ছররা গুলি চালায়। যার ফলে জখম হয় বহু পড়ুয়া। এমনকি চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হয়। এই আবহে প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণ সামনে এল।