ওঙ্কার ডেস্ক: মন্দিরে চুরি করতে গিয়ে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে দানবাক্স সাফ করে দিল দুই চোর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুর জেলার এক শীতলা দেবী মন্দিরে। দুই যুবক দেবীর সামনে হাত জোড় করে ও কান ধরে ক্ষমা চান। এর পর দানবাক্স ভেঙে ভেতরের নগদ টাকা নিয়ে চম্পট দেন। ঘটনাটি গত ২৮ জুলাই রাত ২টা ২০ মিনিট নাগাদ ঘটেছে বলে জানান স্থানীয়রা।
মন্দিরের সিসিটিভি ফুটেজে দুই চোরকে দেখা গিয়েছে। দুজনের মধ্যে এক জন দেবীর সামনে কান ধরে দাঁড়িয়ে থাকে। সেই সময় অন্য জন দানবাক্সের তালা খোলার চেষ্টা করছিল। ক্ষমা চাওয়ার ভঙ্গি করার পর প্রথম ব্যক্তি চারপাশে দেখতে থাকে। আর তার সহযোগী বাক্সটি ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে। দানবাক্সটি খোলার পর অভিযুক্তরা ভেতর থেকে টাকা বের করে নেয়। এরপর সেগুলি একটি ব্যাগে ভরে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। কয়েক ঘণ্টা পর মন্দিরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দেখেন ধর্মস্থানের তালা ভাঙা। তার পর অনুসন্ধান করতে চুরির বিষয়টি সামনে আসে। মন্দিরের পুরোহিত জিতেন্দ্র পাণ্ডে জানান, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মন্দিরের ভেতরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকেছিল। তাঁর কথায়, ‘সকাল ৮টা নাগাদ আমরা যখন মন্দিরে আসি, তখন তালা ভাঙা অবস্থায় দেখি। এরপর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখা যায়। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ আধিকারিকরা শীতলা মাতা মন্দিরে এসে ফুটেজ পরীক্ষা করেছেন।’
জিতেন্দ্র পাণ্ডে জানান, গত এক বছরে এই মন্দিরে একাধিক চুরির ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এটি ছিল তৃতীয় চুরির ঘটনা। এর আগে দেবীর মূল্যবান সামগ্রী এবং দানবাক্স থেকে টাকা চুরি হয়েছিল। যদিও সর্বশেষে ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত করছে পুলিশ।