ওঙ্কার ডেস্ক: দেশের প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি পেট্রো কেমিক্যাল হাবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাজস্থানের বালোত্রা জেলার পচপদ্রায় এই হাবের উদ্বোধন করেন তিনি।
রিপোর্ট অনুসারে, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে এই হাবটি গড়ে উঠেছে। এটি নির্মাণে ৭৯,৪৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে। অত্যাধুনিক এই কমপ্লেক্সটিতে তেল শোধনের সঙ্গে পেট্রোকেমিক্যাল উৎপাদনের সমন্বয় ঘটানো হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই প্রকল্পটি ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার করবে। সেই সঙ্গে পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে স্বনির্ভরতা বৃদ্ধি করবে এবং শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই শোধনাগারটি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। রাজস্থানের বালোত্রায় এদিন প্রধানমন্ত্রী মোদী প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে, প্রধানমন্ত্রী মোদী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও। প্রায় ২৩,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই টার্মিনালটি বছরে ২০ লক্ষ যাত্রীর চাপ সামলানোর ক্ষমতা রাখবে। এদিকে, ‘উড়ান’ প্রকল্পের আওতায় আগামী ১০ বছরে আঞ্চলিক বিমান যোগাযোগ ব্যবস্থা জোরদার করার জন্য প্রায় ২৮,৮৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পিএমও সূত্রে খবর, ৪৮০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।