ওঙ্কার ডেস্ক: ভারতে নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় সীমাবদ্ধ করা হয়েছে বলে অভিযোগ তুললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার আপ প্রধান এই অভিযোগ করেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মেটা-র কাছে এই পদক্ষেপের বিষয়ে কৈফিয়ত চেয়েছেন। যদিও কেজরিওয়ালের দাবি, তাঁর প্রশ্নের জবাবে জুকারবার্গের সংস্থা কোনও ব্যাখ্যা দেয়নি।
বৃহস্পতিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্ট করে অরবিন্দ কেজরিওয়াল জানান, মেটা-র অফিসে খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন, তাঁর অ্যাকাউন্ট সীমাবদ্ধ করা হয়েছে। ভারতে তা আর দেখা যাচ্ছে না। আপ প্রধানের অভিযোগ, কোম্পানির কর্মকর্তারা এই সীমাবদ্ধতার কোনও কারণ জানাননি। এটি কীভাবে প্রত্যাহার করা যেতে পারে, সে বিষয়েও কোনও ব্যাখ্যা দেননি তাঁরা। কেজরিওয়ালের মতে, মেটা-কে মেল পাঠানো হলেও তার জবাবে কেবল প্রথাগত প্রাপ্তিস্বীকার বার্তা পাওয়া গেছে। নিজের অ্যাকাউন্টের স্ট্যাটাস পেজের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন কেজরিওয়াল—সেখানে ‘কিছু এলাকায় অনুপলব্ধ’ লেখা দেখা যাচ্ছিল। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করবেন না; তা না হলে তিনি ভারতে কেবল তাঁর নিজের অ্যাকাউন্টটিই চালানোর অনুমতি দেবেন।’
যদিও কেজরিওয়ালের অভিযোগের প্রেক্ষিতে মেটা-র তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতে মেটা-র কাজ নিয়ে যখন কড়া নজরদারি চলছে, তখনই কেজরিওয়াল এই অভিযোগ তুললেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা ফেসবুক থেকে সরিয়ে ফেলার কারণে মেটার বিরুদ্ধে সরব হয়েছে কেন্দ্রীয় সরকার। মেটার নীতি নির্ধারককে তলব করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার দাবি করেছে এই ঘটনায় মার্ক জুকারবার্গের ক্ষমা চাইতে হবে। নইলে সুরক্ষাকবচ কেড়ে নেওয়া হতে পারে। এই আবহে এবার মেটাকে বিঁধলেন কেজরিওয়াল।