ওঙ্কার ডেস্ক: সন্ত্রাসবাদে অর্থ যোগানোর একটি মামলার তদন্তে জম্মুকাশ্মীরের তিন জেলায় তল্লাশি অভিযান চালাল গোয়েন্দারা। জম্মুকাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর শাখা শনিবার ভোরে শ্রীনগর, গান্দেরবাল ও অনন্তনাগ জেলায় এই তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু ডিজিটাল সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে বলে খবর। তবে কাউকে গ্রেফতার করা হয়নি বলে সূত্রের খবর। জঙ্গিদের অর্থ যোগানো হত কী ভাবে তা খতিয়ে দেখতে ব্যাঙ্কের নথিও যাচাই করা হয়।
সন্ত্রাসবাদে অর্থ যোগানো এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের অভিযোগে শনিবার উপত্যকার তিনটি জায়গায় সিআইকে-এর তদন্তকারীরা তল্লাশি অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সিআইকে-এর একটি দল শ্রীনগরের শালটেং পুলিশ স্টেশনের কাছে হোকরসারে রিয়াজ আহমেদ নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায়। মূলত মহারাজগঞ্জের দালাল মহল্লার বাসিন্দা হলেও, রিয়াজ গত ১৬ বছর ধরে হোকরসারে বাস করছেন। অভিযানের সময় সিআইকে-এর তদন্তকারীরা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।
এই সময় ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নিসার আহমেদের নেতৃত্বে সিআইকে এর আরেকটি দল গান্দেরবাল জেলার লার এলাকার চাউন্টওয়ালিওয়ারে সৈয়দ কালান্দার শাহের বাড়িতে তল্লাশি চালায়। সেখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ও লেনদেন খতিয়ে দেখেন তাঁরা। তৃতীয় একটি দল অনন্তনাগের ভেরিনাগ এলাকার নওগামে গুলজার আহমেদ রাথারের বাড়িতে তল্লাশি চালায়। রাথার একজন ইমাম। ২০১২ সাল থেকে স্থানীয় ফালি মসজিদের সঙ্গে যুক্ত তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, এই তল্লাশি অভিযানের সময় বেশ কিছু ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।