ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের জোরে বোলার শোয়েব আখতারের দাদা সাহিদ আখতার সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাঁর জানাজায় দেখা গেল ২৬/১১ হামলার মূলচক্রী জঙ্গি হাফিজ সাঈদের সহযোগীদের। ইতিমধ্যে সেই মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, পাকিস্তানের বোলারের সঙ্গে কি জঙ্গিদের যোগ রয়েছে?
পাকিস্তান মারকাজি মুসলিম লিগে, যেটি লস্কর ই তৈবার রাজনৈতিক সংগঠন। এই দলের তরফে প্রকাশ করা ওই ভিডিওতে দেখা গেছে, জানাজার নামাজে উপস্থিত রয়েছেন দলটির ইসলামাবাদ শাখার প্রধান ইনাম-উর-রেহমান কাম্বোহ, ডেপুটি জেনারেল সেক্রেটারি আবদুল্লাহ তুর, জোনাল জেনারেল সেক্রেটারি হাফিজ উমর এবং খিদমত কমিটির চেয়ারম্যান আমজাদ ভাট্টি। লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা এবং ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগীদেরও ভিডিওতে দেখা গিয়েছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সাহিদ আখতারের জন্য প্রার্থনা করতে দেখা যায় উপস্থিত লোকজনকে। পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পাক ক্রিকেটার শোয়েব আখতারও সমাজ মাধ্যমে এক পোস্টে শোকসংবাদ জানিয়েছিলেন। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় দাদা সাহিদ আখতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে চলে গেছেন। জানাজার নামাজের সময় ও স্থান সকালে জানানো হবে।’ যদিও দাদার শেষকৃত্যে বিতর্কিত ব্যক্তিদের সামিল হওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি শোয়েব।
অন্য দিকে এই ভিডিও প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, একজন ক্রিকেটারের পরিবারের কোনও অনুষ্ঠানে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কী ভাবে অবাধে অংশ গ্রহণ করতে পারে। ভারত বহু বছর ধরেই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে, ইসলামাবাদ নিজেদের মাটি ব্যবহার করতে দিচ্ছে সন্ত্রাসীদের, যারা কিনা ভারত বিরোধী কাজে জড়িত।