ওঙ্কার ডেস্ক: রাজধানী শহর দিল্লি এবং উত্তরাখণ্ডে হামলার হুমকি খালিস্তানি জঙ্গি সংগঠনের। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার এই হুমকি মেল পাঠানো হয়েছে। আক্রমণের হুমকি পাওয়ার পর দিল্লি ও উত্তরাখণ্ড জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই মেলগুলোতে বেশ কয়েকটি মন্দির, সরকারি দফতর এবং রাজনৈতিক নেতাদের উপর হামলা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃত পক্ষে কারা এই হুমকি দিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গোয়েন্দা সংস্থাগুলো উত্তরাখণ্ড থেকে দিল্লি পর্যন্ত বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, খলিস্তানি জঙ্গিরা আগামী দিনে উত্তরাখণ্ড ও দিল্লির মন্দির, সরকারি প্রতিষ্ঠান, রেলওয়ে স্টেশন এবং পুলিশ কর্মীদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালাতে পারে। উত্তরাখণ্ডে নিহং শিখ ও পুলিশের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সম্প্রতি চামোলিতে স্থানীয়দের সঙ্গে বিবাদের জেরে চার নিহং শিখকে গ্রেফতার করে পুলি। তাদের মুক্তির দাবিতে সোচ্চার এই গোষ্ঠীটি। তার মাঝে এই হুমকি মেল দিল্লি পুলিশ। গত ১৬ জুনের ঘটনার পর থেকেই উত্তেজনার সূত্রপাত। ২০ জুন নিহংরা রুদ্রপ্রয়াগের নাগারাশুতে একটি গুরুদুয়ারার নিয়ন্ত্রণ নেয় এবং ২৩ জুন সেখানে প্রার্থনা ও ধ্যান শেষে জায়গাটি ছেড়ে চলে যায়। পরবর্তীতে ২৫ জুন দেরাদুনের উদ্দেশ্যে পদযাত্রা করে একটি দল। তাঁরা ধৃত নিহংদের মুক্তির দাবি জানায়।
ঠিক কী হয়েছিল ১৬ জুন? স্থানীয় সূত্রে খবর, ওই দিন চামোলির কর্ণপ্রয়াগে নিহং শিখদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে হামলার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের ওপর। সেই ঘটনায় একটি এফআইআর দায়ের হয়। পরে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। চামোলি পুলিশের তরফে জানানো হয়েছে, হেমকুন্ড সাহিব যাত্রা থেকে ফেরার পথে নিহং তীর্থযাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা সহিংসতায় রূপ নেয়। পুলিশ জানায়, চার জন নিহং তীর্থযাত্রী এক ব্যবসায়ী ও অন্যান্য বাসিন্দাদের ওপর হামলা চালায়। যার ফলে চার জনই জখম হন।