ওঙ্কার ডেস্ক: স্মপ্রতি নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে সরগরম হয়ে উঠেছিল দেশের শিক্ষা মহল। তার রেশ কাটতে না কাটতে এবার মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁস হল। রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৪ ঘন্টা আগে প্রশ্ন ফাঁসের ঘটনায় বাতিল করা হয়েছে টেট। মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ শনিবার এক বিবৃতি জারি করে জানিয়েছে, ২৮ জুন রাজ্যের ১,০২৮টি কেন্দ্রে টেট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
রিপোর্ট অনুসারে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে ভিওয়ান্ডি পুলিশ এক জায়গায় হানা দেয়। সেখানে কয়েক জন ব্যক্তির কাছ থেকে টেট প্রশ্নপত্রের কিছু পাতা উদ্ধার হয়। এরপর ভিওয়ান্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে থানে এলাকায় ফাঁস হওয়া প্রশ্ন সামনে আসে। সেখানে কয়েক জনকে আটক করে পুলিশ। যদিও তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সরকারি ভাবে জানানো হয়েছে, পরীক্ষাটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে আয়োজন করতে এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত নিশ্চিত করতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রবিবার মহারাষ্ট্র জুড়ে প্রায় ৪.২৮ লক্ষ শিক্ষক চাকরিপ্রার্থীর টেট পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষা স্থগিত হওয়ায় স্বাভাবিক ভাবেই তাঁরা বিপাকে পড়েছেন। নতুন করে কবে পরীক্ষা নেওয়া হবে তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি। পুনঃপরীক্ষার দিনক্ষণ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।