ওঙ্কার ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে সরগরম দেশের রাজনীতি। এই আবহে এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে কড়া আক্রমণ করলেন শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে। শনিবার তিনি বিজেপির ‘হিন্দুত্ব’কে নিশানা করে বলেন, নরেন্দ্র মোদীর দল হিন্দুদের আবেগকে নিয়ে খেলে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেই সঙ্গে তিনি বলেন, রামকে বিজেপির হাত থেকে মুক্ত করার কথাও।
ইভাতমাল-ওয়াশিম নির্বাচনী এলাকায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় উদ্ধব বিজেপিকে আক্রমণ করেন। ‘বিজেপি-মুক্ত রাম’ নিশ্চিত করতে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই কেন্দ্রের সাংসদ সঞ্জয় দেশমুখ সম্প্রতি শিবসেনা (ইউবিটি) ছেড়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিয়েছেন। উদ্ধব অভিযোগ করেন, আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই বিজেপি বিভিন্ন রাজনৈতিক দলে ভাঙন ধরাচ্ছে।
তাঁর কথায়, ‘আসল হিন্দুত্ব মানবতা শেখায়। মন্দির লুঠের যে হিন্দুত্বের কথা আপনারা (বিজেপি) বলেন, আমরা তা প্রত্যাখ্যান করি। আমরা ‘বিজেপি-মুক্ত রাম’ চাই এবং শিবসেনা (ইউবিটি) এই আন্দোলনের নেতৃত্ব দেবে।’ রাম মন্দিরের অনুদান চুরি বিতর্কের বিষয়টি তদন্ত করছে সিট। তদন্তে একাধিক ত্রুটি ধরা পড়েছে। ইতিমধ্যে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী গণনার কাজে যুক্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে রাজনৈতিক তোলপাড় চলছেই। তার মাঝেই শুক্রবার ওই আট জনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ৭৯.৮৫ লক্ষ টাকা এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি শিবসেনা (ইউবিটি) দলের অন্দরে বিদ্রোহ করেছেন একাধিক সাংসদ। তাঁরা একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছেন। এ প্রসঙ্গে উদ্ধব সমর্থকদের কাছে ক্ষমা চান। কর্মী ও ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন বেসুরো সাংসদের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমি আপনাদের হাতে কাকতাড়ুয়া তুলে দিয়েছিলাম… আপনারা তাঁকে নির্বাচিত করেছিলেন, আর তার জন্য আমি ক্ষমা চাইছি।’