ওঙ্কার ডেস্ক: কলকাতায় খোদ অনুপম খের। রাজ্যে সরকার বদলের পর প্রথম বার কলকাতায় এলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা। শহরে এসেই নতুন ছবির ঘোষণা করেন অনুপম। দীর্ঘদিন ধরেই প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তাঁর প্রযোজিত বাংলা ছবি ‘বাড়িওয়ালি’ মুক্তি পেয়েছিল ছাব্বিশ বছর আগে। এবার শমীক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন ছবি ‘শুরু থেকে শুরু’র অন্যতম প্রযোজক অনুপম। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী ও রাহুল বোস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা। সেখানেই শুভেন্দু অধিকারী প্রশংসাও করেছেন অনুপমের। অনুপম জানান, তাঁর এই নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, কলকাতা শহরে যে কোনও জায়গায় যাতে নির্বিঘ্নে শুটিং করা যায়, সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশপাশি, কলকাতায় এসে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের বারবার মনে করেছেন অনুপম।
ছাব্বিশ বছর আগে ঋতুপর্ণর ‘বাড়িওয়ালি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পান কিরণ খের। তাই বার বার ঋতুপর্ণের সঙ্গে কাটানো স্মৃতি যেন ভিড় করে আসছিল অনুপমের মনে। দীর্ঘদিনের বন্ধু রূপা গঙ্গোপাধ্যায়কে অনুষ্ঠানে দেখে তাঁকে ছবিতে কাজ করার অনুরোধও জানান অনুপম। রূপা গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে অভিনেতাকে বলতে শোনা যায়, “উনি আমার প্রিয় মানুষ, প্রিয় অভিনেত্রী। এবার আমি বাংলা ছবি প্রযোজনা করতে শুরু করেছি। ওঁকে দু’বছরে অন্তত একটা করে বাংলা ছবি করতেই হবে।”
বলাই বাহুল্য এবার থেকে বাংলা ছবিতে যোগ দিতে চলেছেন অনুপম খের। সেই নিয়ে দর্শক মনেও বাড়ছে কৌতূহল। তবে কি আগামী দিনে অনুপমের প্রযোজনায় দেখা যাবে রূপা গাঙ্গুলীকে। সেই উত্তর এখনও অধরা।