ওঙ্কার ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির থেকে অনুদান চুরি বিতর্ক এখনও থিতু হয়নি। এই আবহে বিরোধীদের এক হাত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধীরা ‘দু মুখো’ নীতি নিয়ে চলছেন বলে অভিযোগ যোগী আদিত্যনাথের। সোমবার তিনি বলেন, যারা এখন অনুদান বিষয়ে প্রশ্ন তুলছেন, তারাই অতীতে রাম মন্দিরের নির্মাণের বিরোধিতা করেছিলেন।
উত্তরপ্রদেশ বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগী আদিত্যনাথ বলেন, অযোধ্যায় রামমন্দিরে অনুদান চুরি নিয়ে যারা সরব হচ্ছেন, তাঁরা অতীতে রাম ভক্তদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নিয়েছিলেন। কোনও দলের নাম উল্লেখ না করলেও তিনি বলেন, ‘যারা রাম ভক্তদের ওপর গুলি চালিয়েছিল, তারাই এখন অযোধ্যা ইস্যু সামনে আনছে। এরা ‘জয় শ্রী রাম’ স্লোগান শুনলেই লাঠিচার্জ ও গুলি চালানোর পথ বেছে নিত।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অভিযোগ, যারা মন্দিরের অনুদান ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা অতীতে আইনি জটিলতা তৈরি করে রাম মন্দির নির্মাণে দেরি করানোর চেষ্টা করেছিল। তাঁর কথায়, ‘তাঁরা রাম মন্দিরের অনুদান চুরির কথা বলছে, অথচ মন্দির নির্মাণের জন্য একটি পয়সাও দেননি তাঁরা। দেশ ও বিশ্ব তাদের এই দু মুখো আচরণ দেখছে।’ সোমবার অধিবেশনের প্রথম দিনেই সমাজবাদী পার্টির বিধায়করা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান। এসপি নেতা শিবপাল সিং যাদব সাংবাদিকদের বলেন, ‘মাত্র তিন দিনের অধিবেশন ডেকে সরকার নিন্দনীয় কাজ করছে। রাজ্যে অনেক সমস্যা রয়েছে, অথচ সরকার সেই সব বিষয় থেকে পালিয়ে বেড়াচ্ছে।’ বিক্ষোভের সময় এসপি বিধায়করা ‘অনুদান চোর গদি ছাড়’ স্লোগান দেন।