ওঙ্কার ডেস্ক: ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রত্যাশামতো রেপো রেটে কোনও পরিবর্তন আনেনি। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বাধীন মুদ্রানীতি কমিটি টানা চতুর্থবারের মতো রেপো রেট ৫.২৫ শতাংশেই বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। একইসঙ্গে নীতিগত অবস্থানও ‘নিরপেক্ষ’ রাখা হয়েছে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে আমেরিকা-ইরান সংঘাত, পশ্চিম এশিয়ার অস্থিরতা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তার প্রভাব বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে মূল্যবৃদ্ধির চাপ বাড়লেও, ভারতের ক্ষেত্রে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছে আরবিআই। তাই আপাতত সুদের হার বাড়িয়ে ঋণ আরও ব্যয়বহুল করার পথে হাঁটতে চায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্কের মতে, ভারতের অর্থনীতি এখনও তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি, আবহাওয়াজনিত ঝুঁকি এবং খাদ্যদ্রব্যের সম্ভাব্য মূল্যবৃদ্ধির দিকে কড়া নজর রাখা হচ্ছে। আগামী দিনে পরিস্থিতি কীভাবে বদলায়, তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের মুদ্রানীতি নির্ধারণ করা হবে। রেপো রেট অপরিবর্তিত থাকায় আপাতত গৃহঋণ, গাড়ির ঋণ বা অন্যান্য ব্যাঙ্ক ঋণের সুদের হারে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে ঋণগ্রহীতাদের মাসিক কিস্তি-ও আপাতত একই থাকবে। একইসঙ্গে ব্যাঙ্কগুলির ঋণ বিতরণ নীতিতেও তাৎক্ষণিক কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আরবিআই স্পষ্ট করেছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল হলে বা মূল্যস্ফীতির চাপ বাড়লে ভবিষ্যতে সুদের হার নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’-এর নীতিই অনুসরণ করছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।