ওঙ্কার ডেস্কঃ এসআইআর নিয়ে মঙ্গলবার বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআরের কাজ দ্রুত সম্পন্ন করতে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়োগ করা যাবে। এই রায়ের পর নির্বাচন কমিশনের বিরোধিতায় আরও সরব হয়েছে তৃণমূল।
তৃণমূলের অভিযোগ নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে। সেকারণেই জটিলতা বেড়েছে। সোশ্যাল মিডিয়ার পোস্টে তাঁদের পক্ষ থেকে লেখা হয়েছে, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং ব্যর্থতার ফলে সৃষ্ট বিশাল বাধা মোকাবিলায় প্রতিবেশী রাজ্য থেকে বিচারকদের মোতায়েনের অনুমতি দিতে বাধ্য হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ১ কোটি ২০ লক্ষ তথ্যগত অসঙ্গতি এবং ৩২ লক্ষ ‘অ্যানম্যাপড’ নাম নিয়ে জট সৃষ্টি হয়েছে। তাঁর মধ্যে ৬০ লক্ষ নাম সংক্রান্ত অভিযোগ বিচারপতি কমিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টে। সেই রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতি দিন ২৫০টি করে নিষ্পত্তি করলেও, প্রায় ৮০ দিন সময় লাগবে। কিন্তু এত সময় হাতে নেই।
