ওঙ্কার ডেস্ক: ভারী বর্ষণের মাঝে ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে ঝামেলা হয়েছিল। আর তার জেরে তর্কাতর্কির মাঝে চলন্ত লোকাল ট্রেনের ভেতরে ২১ বছর বয়সী এক যুবককে ছুরি দিয়ে খুন করল এক ব্যক্তি। এই ঘটনা লোকাল ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম মায়ঙ্ক লোহার। তিনি চার্চগেট-নাল্লাসোয়ারা ফাস্ট লোকালের প্রথম শ্রেণীর কামরায় যাত্রা করছিলেন। গোরেগাঁও ও কান্দিভালির মাঝে তাঁর অন্য এক যাত্রীর সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয় দরজা বন্ধ করা নিয়ে। অভিযুক্ত ব্যক্তির নাম রোশন সুবর্ণ। মুম্বইয়ের কুরলা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে সম্পূর্ণ কালো পোশাক পরে হাতে ছুরি নিয়ে এক যুবক আরেক জনকে আক্রমণ করে হেঁটে চলে যাচ্ছে। ট্রেনের আসনে রক্তের দাগও দেখা গিয়েছে।
চলন্ত ট্রেনের মধ্যে এই রক্তারক্তি কাণ্ড ঘটলেও অন্য কোনও সহযাত্রী আক্রান্ত যুবককে বাঁচাতে এগিয়ে আসেননি। কেউই অভিযুক্তকে থামানোর চেষ্টা করেনি। রেলওয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, দরজা বন্ধ করা নিয়ে ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছিল কিছু যাত্রী অভিযুক্তকে মারধর করতে শুরু করে। সেই সময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যাগ থেকে ছুরি বের করে লোহারের ওপর হামলা চালায়। বোরিভালি রেলওয়ে পুলিশের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর দত্ত খুপরেকর বলেন, ‘গোরগাঁও এবং কান্দিভালির মধ্যে বৃষ্টির মধ্যে ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে দুই যাত্রীর মধ্যে ঝগড়া হয়। এই সময় অভিযুক্ত ছুরি দিয়ে এক যুবককে আঘাত করে। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’ আক্রান্ত ঘটনাস্থলেই মারা যান। রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।