ওঙ্কার ডেস্ক: বয়স কখনও স্বপ্নের পথে বাধা হতে পারে না। শারীরিক প্রতিবন্ধকতাও থামিয়ে দিতে পারে না ইচ্ছাশক্তিকে। তারই অনন্য উদাহরণ জম্মু-কাশ্মীরের রেণু হংস। বাক ও শ্রবণ সমস্যার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন রেণু। তবুও পড়াশোনার ইচ্ছা ছাড়েননি। ৪৫ বছর বয়সে এসে দশম শ্রেণির পরীক্ষায় সাফল্য পেলেন তিনি। শুধু পাশ নয়। পেয়েছেন ৮২ শতাংশ নম্বর।
সম্প্রতি জম্মু ও কাশ্মীর বোর্ড অফ স্কুল এডুকেশনের দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই ফলেই সামনে এসেছে রেণুর অসাধারণ সাফল্য। তবে এই সাফল্য একবারে আসেনি। বিয়ের আগে একবার দশম শ্রেণির পরীক্ষায় বসেছিলেন রেণু। কিন্তু সেই পরীক্ষায় সফল হতে পারেননি। এরপর জীবনের নানা প্রতিকূলতায় পড়াশোনা থেকে দূরে সরে যান তিনি। প্রায় ২২ বছর পর ফের বই-খাতা হাতে তুলে নেন রেণু। চলতি বছরের এপ্রিলে দশম শ্রেণির পরীক্ষায় বসেন তিনি। ফল প্রকাশের পর জানা যায়, ৮২ শতাংশ নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রেণু। এই সাফল্যের পিছনে রয়েছে তাঁর অদম্য মানসিক জোর। ছিল পরিবারের পূর্ণ সমর্থনও। বিশেষ করে মায়ের পড়াশোনার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাঁর ছেলে নমন কৌল।
নমনের বয়স ১৮ বছর। বর্তমানে সে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। নিজের পড়াশোনার পাশাপাশি মায়ের পড়ার দায়িত্বও নিয়েছিল সে। প্রতিদিন সন্ধ্যায় মাকে পড়াত নমন। কঠিন বিষয়গুলি বুঝিয়ে দিত। রাতে আবার মায়ের পড়া যাচাই করত। মায়ের পরীক্ষার প্রস্তুতিতে এভাবেই পাশে থেকেছে ছেলে। নমনের কথায়, সে কখনও চায়নি তার মা শুধু বাড়ির চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকুন। রেণুর নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা ছিল। পড়াশোনা শেষ করে চাকরি করার স্বপ্নও দেখতেন তিনি। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবে দশম শ্রেণি পাশ করতে হবে, এমনটাই স্থির করেছিল নমন। মাধ্যমিক উত্তীর্ণ হয়ে রেণুর লক্ষ্য আরও এগিয়ে যাওয়া। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে নতুন করে প্রস্তুতি শুরু করেছেন তিনি