ওঙ্কার ডেস্ক: ভোটদান করা বা ভোটে দাঁড়ানো নাগরিকের মৌলিক অধিকার নয় বলে জানাল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, ভোটাধিকার প্রয়োগ বা নির্বাচনে লড়াই করার অধিকার নিরঙ্কুশ কোনও অধিকার নয়। এগুলি বিধিবদ্ধ অধিকার।
কোন মামলার প্রেক্ষিতে এমন পর্যবেক্ষণ শীর্ষ আদালতের? রাজস্থানের এক সমবায়ের নির্বাচন সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে সেই মামলাটি ওঠে। আদালত জানায়, ভোটাধিকার এবং নির্বাচনে লড়াই করার অধিকার— স্বতন্ত্র। সাংবিধানিক ভাবে নয়, আইনের মাধ্যমে নির্ধারিত নিয়ম দ্বারা এগুলি নিশ্চিত করা হয়। সর্বোচ্চ আদালত আরও জানিয়েছে, এই অধিকারগুলি নিরঙ্কুশ নয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘ভোটাধিকার বা নির্বাচনে লড়াই করার অধিকার— দু’টির কোনওটিই মৌলিক অধিকার নয়। আইনে যতটা বলা রয়েছে, তার মধ্যেই এই অধিকারগুলি সীমাবদ্ধ।’
রাজস্থানের জেলা দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির বিধিনিয়ম নিয়ে রাজস্থান হাইকোর্টে প্রথম মামলা দায়ের হয়েছিল। উচ্চ আদালতের আগের রায় খারিজ করে দেয় শীর্ষ আদালত। হাইকোর্টের রায়কে ত্রুটিপূর্ণ বলেও উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। সমবায় সমিতি ন্যূনতম দুগ্ধ সরবরাহের নিরিখে প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করেছিল। সুপ্রিম কোর্ট জানায়, ওই বিধিনিয়মগুলি শুধুমাত্র সদস্যদের অংশগ্রহণ সংক্রান্ত যোগ্যতার মাপকাঠি ছিল। এগুলির মাধ্যমে ভোটাধিকারকে কোনও ভাবেই সীমিত করা হয়নি।