ওঙ্কার ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের জয়পুরে। মরু রাজ্যের আজমের বাইপাসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ জনকে পিষে দিল ট্রাক। এর ফলে মৃত্যু হয়েছে তিন শিশুর। হতাহত পাঁচ জনই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই পরিবারের পাঁচ জন আজমের রোডের পাশে দাঁড়িয়েছিলেন। দ্রুত গতিতে একটি ট্রাক এসে তাঁদেরকে পিষে দিয়ে চলে যায়। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা গিয়েছে, ট্রাকটি রাস্তার পাশে একটি লোহার রেলিং ভেঙে পরিবারের পাঁচ জনকে ধাক্কা মারে। তাদের মধ্যে তিন শিশুও ছিল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি পরিবারের অন্য দুজন জখম হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
রিপোর্ট অনুসারে, ওই পরিবারটি রাস্তার পাশে বেলুন ও অন্যান্য সামগ্রী বিক্রি করছিল, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের প্রায় ১০০ মিটার দীর্ঘ রেলিং ভেঙে ফেলে। এর পর পরিবারটিকে পিষে দেয়। অন্য দিকে দুর্ঘটনার পর আজমের থেকে আহমেদাবাদগামী রাস্তায় তীব্র যানজট হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এটিকে ‘হিট-অ্যান্ড-রান’ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।