ওঙ্কার ডেস্ক: ক্রিকেট ম্যাচ চলছিল মাঠে। কিন্তু সেই খেলার মাঝেই আচমকা ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে এসে হুল ফোটায় আম্পায়ার এবং খেলোয়াড়দের। আর তার জেরে ওই আম্পায়ারের মৃত্যু হল। মধু লোভী পতঙ্গের আক্রমণে জখম হয়েছেন অন্তত ১৫ জন খেলোয়াড়। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাও জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যায় শুক্লাগঞ্জ এলাকার সাপ্রু ময়দানে খেলা চলাকালীন এই ঘটনা ঘটেছে। ওই সংস্থার এক শীর্ষ কর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এক পুলিশ আধিকারিক এই ঘটনা নিয়ে বলেন, ম্যাচের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন কানপুরের মানিক গুপ্ত। সেই সময় মাঠে উপস্থিত থাকা খেলোয়াড় এবং আধিকারিকদের উপর হামলা করে মৌমাছিদের দল। খেলোয়াড় এবং দর্শকরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করে দেন। মৌমাছির হুল ফোটানোর জেরে গুরুতর জখম হয়ে অজ্ঞান হয়ে পড়েন ৬৫ বছর বয়সী আম্পায়ার। প্রথমে তাঁকে শুক্লাগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কানপুরের লালা লাজপত রাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এন সিং সংবাদ সংস্থাকে জানিয়েছেন, উন্নাওতে ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির ঝাঁকের আক্রমণে আম্পায়ার মানিক গুপ্তের মৃত্যু হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন সিং। শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।
