ওঙ্কার ডেস্ক: ‘হিন্দু রাষ্ট্র’ নিয়ে মুসলিম ও খ্রিস্টানদের ভয়ের কিছু নেই, এমনই মন্তব্য যোগগুরু রামদেবের। ইতিমধ্যে তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যোগগুরু জোর দিয়ে বলেন, ‘হিন্দু রাষ্ট্রের ধারণা নিয়ে কারও ভয়ের কোনো কারণ নেই। রামদেবের এই মন্তব্যের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ।
২০০৯ সালে উত্তরপ্রদেশের ইসলামি শিক্ষাকেন্দ্রে সফরের কথা স্মরণ করে রামদেব বলেন, ‘হরিদ্বারের কাছেই দেওবন্দ অবস্থিত। ২০০৯ সালে আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি তাঁদের বলেছিলাম, ‘আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমাদের পূর্বপুরুষরা একই। হিন্দু রাষ্ট্র-এর ধারণা নিয়ে কারও ভয়ের কোনও প্রয়োজন নেই। আমাদের সবার পূর্বপুরুষই ছিলেন সনাতনী হিন্দু আর্য-বৈদিক। এটি আমাদের চোখের সামনেই লেখা রয়েছে’।’
তাঁর আরও সংযোজন, ‘কেউ কেউ প্রশ্ন করেন, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলিমরা কোথায় যাবে? সহজ সমাধান হলো—নিজেদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে আপন করে নিন। আপনারা দাড়ি রাখতে পারেন বা কামিয়ে ফেলতে পারেন; যে কোনও পোশাক পরতে পারেন, কিন্তু চরিত্র যেন আপনাদের পূর্বপুরুষদের মতোই হয়। হিন্দুস্তানে মুসলিম বা খ্রিস্টানদের কোনও বিপদ নেই।’
স্বাভাবিকভাবেই, তাঁর এই মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। কংগ্রেস নেতা সলমন খুরশিদ প্রশ্ন তোলেন, সবাই যদি সনাতনীই হন, তবে কেন ‘এত বিভাজন তৈরির’ চেষ্টা হচ্ছে? তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, তবে সবাই যদি সনাতনীই হন, তবে এখানে এত বিভাজন তৈরির চেষ্টা কেন করা হচ্ছে?’