ওঙ্কার ডেস্ক: একই দিনে ভয়াবহ দুর্ঘটনা দেশের দুই রাজ্যে। হিমাচল প্রদেশের সিরমৌরে শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস। যার ফলে মৃত্যু হয়েছে ১৪ জনের। অন্য দিকে, রাজস্থানের জয়পুরে গাড়ির ধাক্কায় জখম হয়েছেন অন্তত ১৪ জন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, যাত্রীদের নিয়ে শিমলা থেকে রাজগড় হয়ে কুপভির উদ্দেশে যাচ্ছিল একটি বেসরকারি বাস। হরিপুরধার গ্রামের কাছে সেটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পর প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। জেলা সদর নাহান থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে ছিল দুর্ঘটনাস্থলটি। তদন্তে নেমে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বাসটিতে আসনসংখ্যা ছিল ৩৯টি। কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় সেটি দুর্ঘটনার মধ্যে পড়ে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার আগে বাসটিতে কত জন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বেশ কয়েক জন। আহতদের সাংগ্রাহ ও দাদাহু হাসপাতাল-সহ আশপাশের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করানো হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। শোকবার্তা জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
অন্য দিকে, শুক্রবার রাতেই রাজস্থানের জয়পুরে একটি গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে ডিভাইডারে। এর ফলে জখম হয়েছেন ১৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
