ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে স্থগিত রয়েছে সিন্ধুচুক্তি। দুই দেশের মধ্যে চলছে সম্পর্কের টানাপোড়েন। এই আবহে আরও কোণঠাসা পাকিস্তান। জম্মুকাশ্মীরের কিশতওয়ারে চন্দ্রভাগা নদীর উপরে নতুন জলবিদ্যুৎ প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকারের প্যানেল।
আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিন্ধুচুক্তিতে বলা হয়েছে চন্দ্রভাগার জল পাকিস্তান ব্যবহার করতে পারবে। কিন্তু গত এপ্রিলে পহেলগাঁও হামলার পর ভারতের তরফে এই চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। চন্দ্রভাগার উপর একাধিক নতুন প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ভারত। কিশতওয়ারের দুলহস্তী স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্পও এগিয়ে নিয়ে যাচ্ছে নয়াদিল্লি।
উল্লেখ্য, ২৬০ মেগাওয়াটের প্রকল্প দুলহস্তী স্টেজ-২। ইতিমধ্যে কেন্দ্রের পরিবেশ মন্ত্রক এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবুজ সঙ্কেত দিয়েছে। সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, এই প্রকল্পে খরচ ৩,২০০ কোটি টাকা। কাজের জন্য ইতিমধ্যে একাধিক টেন্ডারও জমা পড়েছে। সূত্রের খবর, শীঘ্রই প্রকল্পের বরাত দিয়ে দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্তা বলেন, দুলহস্তী স্টেজ-২ প্রকল্পে সম্মতি দেওয়ার আগে কেন্দ্রীয় প্যানেলের বৈঠকে সিন্ধুচুক্তির বিষয়ে আলোচনা হয়। ওই চুক্তি অনুযায়ী চন্দ্রভাগার জল যে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ হয় সে কথা ওঠে। এই প্রকল্প শুরু হওয়ার আগে থেকে কিশতওয়ারে ৩৯০ মেগাওয়াটের দুলহস্তী স্টেজ-১ জলবিদ্যুৎ প্রকল্প চালু রয়েছে। ২০০৭ সাল থেকে সেটি সক্রিয়। চন্দ্রভাগা নদীর উপর সেটিরই কলেবর বাড়াতে চায় মোদী সরকার। সে কারণে দুলহস্তী স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্প চালুর পরিকল্পনা করা হয়েছে।
