ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মী। মূলত বেসরকারিকরণের জন্য এই বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। লোকসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয়েছে।
কেরলের সিপিএম সাংসদ সচিতানন্থমের প্রশ্নের জবাবে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল বর্মা গত মঙ্গলবার লোকসভায় জানান, কেন্দ্রের নিয়মিত কর্মচারীর সংখ্যা ২০১৯-’২০ সালে ৯.২ লক্ষ থেকে কমে ২০২৩-’২৪ সালে ৮.১২ লক্ষে দাঁড়িয়েছে। অর্থাৎ পাঁচ বছরে লক্ষাধিক কর্মীর চাকরি গিয়েছে। তবে এই পাঁচ বছরে অনগ্রসর শ্রেণির চাকরিজীবীর সংখ্যা বেড়েছে। সংখ্যাটা ১.৯৯ লক্ষ থেকে বেড়ে ২.১৩ লক্ষ হয়েছে। তবে এই লক্ষাধিক কর্মীর চাকরি হারানোর পিছনে রয়েছে বেসরকারিকরণ। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ এবং বেসরকারিকরণ করা হয়েছে। যার ফলে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে কর্মীদের।
প্রসঙ্গত, মোদী জমানায় একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে কেন্দ্র বেসরকারিকরণ করেছে বলে একাধিকবার সরব হয়েছে বিরোধীরা। রেল থেকে বিমান, কয়লা থেকে এলআইসি, সবেতেই বিকেন্দ্রীকরণের পথে হেঁটেছে কেন্দ্র। ভারতের সেনার অধীনে থাকা সৈনিক স্কুলও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে পরিচালনা করা হচ্ছে।
