ওঙ্কার ডেস্কঃ আই প্যাক মামলা নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত অব্যাহত। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সেই সংঘাত আরোও তীব্র হল। সুপ্রিম কোর্ট জানাল, আই প্যাক মামলার শুনানি আর পিছোবে না। রাজ্যের তরফে এই মামলা স্থগিতের আবেদন সরাসরি খারিজ করল শীর্ষ আদালত।
বুধবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী শ্যাম দিবান সময় আবেদন করেন। তাঁর বক্তব্য ছিল, ইডি যে ‘রিজয়েন্ডার অ্যাফিডেভিট’ জমা দিয়েছে, তাতে নতুন কিছু অভিযোগ ও তথ্য যুক্ত হয়েছে। সেগুলির জবাব প্রস্তুত করতে সময় প্রয়োজন। ইডির পক্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আবেদন তীব্রভাবে বিরোধিতা করেন। তাঁর সাফ বক্তব্য, এটি শুধুই শুনানি বিলম্ব করার কৌশল। তিনি জানান, চার সপ্তাহ আগেই ওই নথি জমা পড়েছে, ফলে রাজ্যের কাছে পর্যাপ্ত সময় ছিল জবাব দেওয়ার।
শীর্ষ আদালতও রাজ্যের যুক্তিতে সন্তুষ্ট হয়নি। বিচারপতি মিশ্র স্পষ্ট ভাষায় বলেন, “আপনারা আদালতকে নির্দেশ দিতে পারেন না। রেকর্ডে যা আছে, সবই বিবেচনা করা হবে। এখানে যেন স্থগিতাদেশ নিয়েই লড়াই চলছে।”
রাজ্যের আরেক আইনজীবী মেনাকা গুরুস্বামীও দাবি করেন, ইডির নথিতে নতুন তথ্য রয়েছে, তাই সময় প্রয়োজন। কিন্তু আদালত জানিয়ে দেয়, শুনানি চলবে।
মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল বলেন, “ইডি এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি আইনে উল্লিখিত অপরাধগুলি তদন্ত করার জন্য অনুমোদিত। কিন্তু তাদের তদন্ত করা কোনও মৌলিক অধিকার নয়।” একই সঙ্গে তাঁর সংযোজন, “ অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-র বাইরে ইডির কোনও ক্ষমতা নেই। তবে তারা কোন মৌলিক অধিকারের দাবি করছে?”
অবশেষে আদালত রাজ্যের একটি প্রাথমিক আপত্তি শোনার অনুমতি দেয়। ইডির এই রিট পিটিশন আদৌ গ্রহণযোগ্য কি না, সেই প্রশ্নে আগে শুনানি হবে। যদিও ইডির পক্ষ থেকে বলা হয়, মূল মামলার সঙ্গেই এই বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আগামী সপ্তাহে ফের আইপ্যাক মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।
