নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: অদম্য মানসিক শক্তি আর অটুট বিশ্বাসকে সঙ্গী করে হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা মজিদুল। সাদা পোশাক পরে জাতীয় সড়ক ধরে একাই পায়ে হেঁটে এগিয়ে চলেছেন। তাঁর এই বিরল উদ্যোগ ঘিরে বিভিন্ন জায়গায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মজিদুল জানিয়েছেন, বহুদিনের লালিত স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি এই দীর্ঘ যাত্রায় বেরিয়েছেন। প্রায় তিন বছরেরও বেশি সময় লাগতে পারে সৌদি আরবে পৌঁছাতে-এমনটাই অনুমান তাঁর।
১৩ ফেব্রুয়ারি মাথাভাঙ্গা থেকে যাত্রা শুরু করেন তিনি। ২৩ ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দলুয়া এলাকায় তাঁকে দেখা যায়। সেখানে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়ে তাঁর সঙ্গে কথা বলেন এবং কেউ কেউ সাহায্যের হাতও বাড়িয়ে দেন। বর্তমানে পবিত্র রমজান মাস চলায় রোজা রেখেই মাথা নিচু করে নিরলস হেঁটে চলেছেন মজিদুল। তাঁর দৃঢ়তা ও একাগ্রতা অনেককেই অনুপ্রাণিত করছে। পথ চলতে গিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও সমর্থন জানাচ্ছেন।
একজন সাধারণ মানুষের অসাধারণ এই যাত্রা ইতিমধ্যেই এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তিই যে বড় শক্তি—মজিদুলের এই পদযাত্রা যেন তারই এক জীবন্ত উদাহরণ।
