ওঙ্কার ডেস্ক: উত্তর ২৪ পরগনার অশোকনগরে বহু প্রতীক্ষিত তেলক্ষেত্র প্রকল্পে অবশেষে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে চলেছে। দীর্ঘ কয়েক বছরের অনুসন্ধান, পরীক্ষামূলক উৎপাদন এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই এখান থেকে অপরিশোধিত তেল উত্তোলনের কাজ শুরু করার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)। এর ফলে পশ্চিমবঙ্গ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল উৎপাদনকারী রাজ্যের তালিকায় নাম লেখাতে চলেছে বলে মনে করা হচ্ছে।
২০১৮ সালে অশোকনগর এলাকায় অনুসন্ধানের সময় উল্লেখযোগ্য পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় ওএনজিসি। এরপর একাধিক কূপ খনন, ভূতাত্ত্বিক সমীক্ষা এবং পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে প্রকল্পটির বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই তেলক্ষেত্রে যে পরিমাণ হাইড্রোকার্বনের মজুত রয়েছে, তা ভবিষ্যতে পূর্ব ভারতের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে আবিষ্কারের পরই উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। জমি সংক্রান্ত সমস্যা, পরিবেশগত ছাড়পত্র, পাইপলাইন নির্মাণ, অবকাঠামো গড়ে তোলা এবং একাধিক প্রশাসনিক অনুমোদনের কারণে প্রকল্পটি দীর্ঘদিন আটকে ছিল। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় করে সেই বাধাগুলি ধাপে ধাপে দূর করার পর অবশেষে উৎপাদনের পথ সুগম হয়েছে।
ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ। উৎপাদিত অপরিশোধিত তেল সংগ্রহ, সংরক্ষণ এবং পরবর্তী পর্যায়ে শোধনাগারে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও তৈরি করা হয়েছে। নিরাপত্তা ও পরিবেশ সংক্রান্ত সমস্ত নিয়ম মেনেই উৎপাদন শুরু করা হবে বলে সংস্থা জানিয়েছে।