ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর চর সন্দেহে ধৃত রানা রউফ খালিদের ডায়েরি ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা। এসটিএফ-এর গোয়েন্দারা রানার আরও ছয় সঙ্গীর নাম পেয়েছেন। সন্দেহভাজন রানা তথ্য লুকাতে মোবাইল ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। রানার ডায়েরি থেকে যে নাম গুলো উঠে এসেছে তাতে অন্তত ৬ জন আন্তর্জাতিক পাক এজেন্টের নাম পাওয়া গিয়েছে। যার মধ্যে ৫ জন নেপালের এবং ১ জন বাংলাদেশের বাসিন্দা।
কলকাতার বিভিন্ন সেনা ছাউনি, সীমান্ত এলাকার বিএসএফ ক্যাম্প, গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও মানচিত্রের মতো সংবেদনশীল ছবি ও ভিডিও অ্যাপের মাধ্যমে নেপালে থাকা ৫ চরের কাছে পাঠাত রানা। প্রমাণ লোপাটের জন্য মোবাইল ফোনটি ভেঙে ফেলেছিল সে। তবে সিমকার্ড সে রেখে দিয়েছিল। যা থেকে তদন্তকারীরা আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন। উল্লেখ্য রানা রউফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলম১৪ বছর ধরে ভারতে থাকছিল। এ দেশে থেকে ভুয়ো ভোটার ও আধার কার্ড তৈরি করে নিয়েছিল। বাংলাদেশ পালানোর পথে হাবড়ায় এসটিএফের হাতে পাকড়াও হয় সে। মঙ্গলবার রাতে যশোর রোড ধরে বেনাপোল সীমান্তের দিকে যাওয়ার সময় রানাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। গ্রেফতার করা হয়েছে তার আরও এক সহযোগী মহম্মদ ইজাজকে।
রানাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চাইছেন, ১৫ আগস্টের আগে কোনও নাশকতার পরিকল্পনা ছিল কিনা। স্বাধীনতা দিবসের আগে রাজ্যে পাক চরদের উপস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের কপালে।