ওঙ্কার ডেস্ক: পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর, তার পরিবারের অনুমতি ছাড়া তাড়াহুড়ো করে দেহ দাহ করার ঘটনায় তার নাম জড়ায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নতুন করে আরজি কর কান্ডে এফআইআর দায়ের করে নির্যাতিতার পরিবার। প্রমাণ লোপাটের অভিযোগে তার বিরুদ্ধে খড়দহ থানায় একটি মামলা দায়ের করা হয়। নির্মল ঘোষের পাশাপাশি প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে রাজ্য পুলিশ তাঁর ও আরও দুইজনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করে। কয়েকদিন আগেই নির্মল ঘোষের নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই তাকে গ্রেফতার করা হল।
আরজি কর কান্ডে পুনরায় মামলা দায়ের করেন নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস দিয়েছিলেন এই ঘটনার পুর্ন তদন্ত করা হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। সেইমত তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। কদমতলা শশ্মানে তড়িঘড়ি নির্যাতিতার দেহ দাহ করে দেওয়ার অভিযোগ ওঠে এই তিন জনের বিরুদ্ধে। আরজি কর-কাণ্ডের পর থেকেই তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ঘটনার পর হাসপাতাল ও প্রশাসনের ভূমিকা। মূল অপরাধের পাশাপাশি চিকিৎসকের দেহ উদ্ধারের পর কী ভাবে ময়নাতদন্তের প্রক্রিয়া এগিয়েছিল, পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগ কী ছিল এবং কেন দ্রুত দেহ সৎকারের ব্যবস্থা করা হয়েছিল এই সমস্ত বিষয় তদন্তকারীদের নজরে আসে। সেই সূত্রেই নির্মল ঘোষের ভূমিকা নিয়েও জিজ্ঞাসাবাদ ও তদন্তের প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল।
নির্মল ঘোষ দীর্ঘদিন ধরে পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। আরজি কর-কাণ্ডের পর মৃত চিকিৎসকের দেহ সৎকারের সময় তাঁর উপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। তদন্তকারীরা জানতে চান, দেহ সৎকারের সিদ্ধান্ত কী ভাবে নেওয়া হয়েছিল এবং সেই প্রক্রিয়ায় কোনও রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপ ছিল কি না। পুলিশি সূত্রে জানা গেছে, তিনি পালিয়ে পাশের রাজ্যে গা ঢাকা দিয়েছিল। পরে নির্মল ঘোষ ও তাঁর সঙ্গীদের ফোনের লোকেশন ট্র্যাক করে তাঁকে বৃহস্পতিবার এক হোটেল থেকে গ্রেফতার করা হয়। রাতের মধ্যেই তাঁকে ওড়িশার আদালতে পেশ করা হবে। পরে ব্যারাকপুরে আদালতে তাঁকে পেশ করা হতে পারে।