ওঙ্কার ডেস্ক: আগামী ২০২৭ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) সম্মেলন। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের প্রচলিত নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানানো হয়েছে ইসলামাবাদের তরফে।
শুক্রবার পাকিস্তানের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, ২০২৭ সালের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদে আমন্ত্রণ জানানো হবে। তারা জানিয়েছে, জোটের নিয়ম অনুযায়ী ভারত-সহ সকল সদস্য দেশকেই আমন্ত্রণ জানানো হবে। সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, সম্মেলনের জন্য এসসিও-ভুক্ত সকল রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হবে। সংগঠনের সদস্য হওয়ায় ভারতকেও তাতে অংশ নেওয়ার জন্য ডাকা হবে।
পাকিস্তানের ওই মুখপাত্র বলেন, ‘আয়োজক দেশের তরফে সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানানো একটি বাধ্যবাধকতা। এসসিও-র প্রচলিত নিয়ম মেনেই তা পাঠানো হবে।’ ম্যানিলায় আসিয়ান বৈঠকের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পাকিস্তানের বিদেশমন্ত্রীর বৈঠক হবে কিনা সে প্রসঙ্গে তিনি জানান, নয়াদিল্লির তরফ থেকে এ ধরনের কোনও অনুরোধের বিষয়ে ইসলামাবাদ অবগত নয়। উল্লেখ্য, ২০২৭ সালে ইসলামাবাদে এসসিও শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। আগামী বছরের আয়োজক দেশ পাকিস্তান। এই গোষ্ঠীর সদস্য দেশগুলো হলো—চিন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান এবং বেলারুশ। ২০০১ সালের ১৫ জুন বেজিংয়ে এই জোট তৈরি হয়। এর মূল লক্ষ্য হল ইউরেশীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা।