ওঙ্কার ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এর শেষকৃত্যে সামিল হবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও আমন্ত্রণ করেছিল তেহরান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী খামেনেইকে শ্রদ্ধা জানাতে যাবেন। শুক্রবারই তিনি ইরানে উড়ে যাবেন বলে খবর।
রিপোর্ট অনুসারে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তাঁর সঙ্গে একাধিক শীর্ষস্থানীয় মন্ত্রী শুক্রবার ইরান সফরে যাচ্ছেন। আয়াতুল্লাহ আলি খামেনেইর শেষকৃত্যে অংশ নেবেন তাঁরা। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনেই। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, ‘প্রধানমন্ত্রী পাকিস্তানের মানুষ ও সরকারের পক্ষ থেকে ইরানের নেতৃত্ব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন। পাশাপাশি, গভীর শোকে আচ্ছন্ন এই ভ্রাতৃপ্রতিম দেশটির প্রতি সংহতি জানাবেন তিনি।’ পাক প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গী হবেন উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার, মন্ত্রিসভার সদস্য এবং ঊর্ধ্বতন কর্তারা। আন্দরাবি জানান, তেহরান থেকে প্রধানমন্ত্রী শরিফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে তুরস্কে যাবেন। তাঁর কথায়, ‘সেখানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার গতি বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।’
উল্লেখ্য, খামেনেই এর শেষকৃত্যে সামিল হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ করেছিল তেহরান। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় যেতে পারবেন না বলে পিএমও সূত্রে খবর। তবে মোদী ইরানে না গেলেও ভারতের প্রতিনিধি দল যাবেন পারস্য দেশে খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে।