অর্পিতা মুখার্জী: ফের উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনা। বদরীনাথ থেকে ফেরার পথে আচমকা ভেঙে পড়ল যাত্রীবাহী একটি হেলিকপ্টার। ঘটনায় ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা ১৪ মিনিট নাগাদ বদরীনাথ থেকে ওড়ে হেলিকপ্টারটি। চমোলি জেলার জোশীমঠ এলাকায় টানা বৃষ্টি ও ঘন মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, হেলিকপ্টারটি ভেঙে পড়েছে।প্রাথমিক অনুমান, জোশীমঠের হাতি পর্বতের পিছনে ছায়ি গ্রামের কাছে কপ্টারটি ভেঙে পড়েছে। হেলিকপ্টারে ৫ জন যাত্রী ও ১ জন পাইলট ছিলেন। ট্র্যাকিং সিস্টেমেও কপ্টারের অবস্থান শনাক্ত করা যায়নি।
জোশীমঠের এসডিএম চন্দ্রশেখর বশিষ্ঠ জানিয়েছেন, সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন।
সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী ধামি লিখেছেন, জোশীমঠের কাছে ছায়ি গ্রামের কাছাকাছি হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন ও এসডিআরএফ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং গুরুতর আহতদের এয়ারলিফট করে চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
উত্তরাখণ্ডের সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, হেলিকপ্টারটি ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের। প্রতিকূল আবহাওয়া, অবিরাম বৃষ্টি ও কম দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, অক্টোবরের শুরুতেও উত্তরাখণ্ডে দুটি যাত্রীবাহী হেলিকপ্টারকে জরুরি অবতরণ করাতে হয়েছিল। একটি খারাপ আবহাওয়ার কারণে রুদ্রপ্রয়াগে এবং অন্যটি যান্ত্রিক ত্রুটির কারণে তেহরিতে নামানো হয়। সাম্প্রতিক আবহাওয়ার অবনতির জেরে হেলিকপ্টার যাত্রার নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে।