ওঙ্কার ডেস্ক: দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে জায়গার নাম বদলানো বিজেপির কাছে জলভাত। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার বিজেপি জোট শাসিত বিহারের রাজধানী শহর পাটনার নাম বদল হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি বুধবার ঘোষণা করেছেন, পাটনায় গড়ে উঠতে চলা প্রস্তাবিত টাউনশিপটির নাম হবে ‘পাটলিপুত্র’। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিহারের মুখ্যমন্ত্রী রাজ্যের রাজধানীর প্রাচীন নামটিকে ফিরিয়ে আনতে চাইছেন।
ফুলওয়ারি শরিফের নাদিয়াওয়ান এলাকায় জনসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখার সময় বিহারের মুখ্যমন্ত্রী বলেন, নতুন এই টাউনশিপটি পাটনার ঐতিহাসিক পরিচিতি তুলে ধরবে এবং শহরের আগামী দিনের অগ্রগতির প্রতীক হয়ে উঠবে। তিনি বলেন, ‘প্রস্তাবিত টাউনশিপটির নাম হবে ‘পাটলিপুত্র’।’ সম্রাটের দাবি, এটি নতুন কিছু নয়, বরং শহরের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই নাম। তিনি আরও বলেন, বিহারের উন্নয়ন আধুনিক নগর পরিকাঠামোর ওপর নির্ভরশীল। এই টাউনশিপ প্রকল্পের কারণে কারও কোনো ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেন বিহারের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বর্তমান পাটনার প্রাচীন নাম ছিল পাটলিপুত্র। এটি মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল। ঐতিহাসিকদের মতে, পাটলিপুত্র হিসেবে পরিচিতি পাওয়ার আগে শহরটি ‘পাটলিগ্রাম’ নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটি ‘পাটনা’ নামে পরিচিত হয়ে ওঠে। প্রায় ৩,০০০ বছরের ইতিহাসের ধারক পাটনা একদা রাজনীতি, বাণিজ্য ও শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোকের মতো শক্তিশালী শাসকদের কেন্দ্রস্থল ছিল এই শহর।