ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর দেশের বিভিন্ন জায়গায় একাধিক পড়ুয়া আত্মহত্যা করেছে বলে অভিযোগ সামনে এসেছে। এই আবহে কাউকে দায়ী না করেও আত্মহত্যা করলেন আরেক নিট ইউজি পরীক্ষার্থী। উত্তরাখণ্ডের দেরাদুনে নিজের বাড়ি থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। ২৩ বছর বয়সী ওই পরীক্ষার্থী আসন্ন পুনরায় নিট ইউজি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম রিয়া কুমারি থাপা। তাঁর বাবা প্রাক্তন সেনাকর্মী। তিনি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। মঙ্গলবার আত্মহত্যার ঘটনাটি সামনে আসে। দুপুরে খাওয়ার জন্য রিয়ার মা তাঁকে ডাকতে যান। কিন্তু তিনি কোনও সাড়া পাননি। এরপর তাঁর স্বামীকে জানান। তিনি এসেও ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় পরিবারের লোকজন জোর করে ঘরের দরজা খুলে দেখতে পান রিয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে। এর পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তাতে হিন্দিতে লেখা ‘মা-বাবা, আমি তোমাদের ভালোবাসি। এর জন্য কেউ দায়ী নয়।’
পুলিশের এক আধিকারিক অঙ্কিত কান্দারি জানান, রিয়া সাধারণত গভীর রাত পর্যন্ত পড়াশোনা করত। তাই দিনের বেলা প্রায়ই দেরিতে ঘুম থেকে উঠত। সাংবাদিকদের তিনি বলেন, ‘চিঠিতে ওই তরুণী তাঁর বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। বলেছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়; নিজের ব্যর্থতাকেই এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছেন।’ পরিবার সূত্রে জানা গিয়েছে, রিয়া আগামী ২১ জুন হতে চলা নিট ইউজি পুনরায় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এর আগে সে প্রথমবার মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় বসলেও উত্তীর্ণ হতে পারেনি। মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল রিয়া। দ্বাদশ শ্রেণিতে ৯৭ শতাংশ নম্বর পেয়ে স্কুলে শীর্ষস্থান দখল করেছিল সে।