ওঙ্কার ডেস্ক: চলতি সেপ্টেম্বর মাসে শুরু হতে চলেছে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের বার্ষিক উচ্চ পর্যায়ের অধিবেশন। সেই অধিবেশনে অংশ নেওয়ার কথা থাকলেও অধিবেশনে যোগ দেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বদলে সেখানে অংশ নেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক ২৩-২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনে প্রথম ভাষণ দেবেন ব্রাজিলের প্রতিনিধি। তার পর বক্তা হিসেবে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে এটি ট্রাম্পের প্রথম ভাষণ। শুক্রবার প্রকাশিত হয়েছে ৮০তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কের জন্য সংশোধিত অস্থায়ী বক্তাদের তালিকা। সেই তালিকা অনুসারে, রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন একজন ‘মন্ত্রী’। সূত্রের খবর, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন।
জুলাই মাসে জারি করা বক্তাদের পূর্ববর্তী তালিকা অনুসারে, প্রধানমন্ত্রী মোদীর আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রী এই অধিবেশনে অংশ নেবেন না। ইজরায়েল, চিন, পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিনিধিরা ২৬ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে ভাষণ দেবেন।
উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু বর্তমানে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। ট্রাম্প ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যার মধ্যে অন্তর্ভুক্ত রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক।
