ওঙ্কার ডেস্ক: অবশেষে স্বস্তি প্রশান্ত কিশোরের। নয়া দল জন সুরজ পার্টি গঠন করে বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করলেও একটি আসনেও জয়ী হতে পারেননি। তবে সে রাজ্যের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে অবশেষে জয় পেলেন ভোটকুশলী পিকে। ১৮,৯৫৩ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন তিনি।
উপনির্বাচন ঘিরে নিরলস প্রচার, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এর পর ‘জন সুরজ’-এর প্রতিষ্ঠাতা তাঁর কাঙ্ক্ষিত সাফল্য পেলেন। বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে জয়ের ইতিহাস গড়লেন পিকে। এর ফলে বিহারে অন্যতম শক্তিশালী ঘাঁটিতে টানা ৩৫ বছরের আধিপত্যের অবসান ঘটল বিজেপির। এদিন নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায় প্রশান্ত কিশোর বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহাকে ১৮,৯৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তিনি পেয়েছেন ৬৩,২০৩ ভোট। অন্য দিকে নীরজ কুমার সিনহা পেয়েছেন ৪৪,২৫০ ভোট। আরজেডি-র রেখা গুপ্তা পেয়েছেন ১৪,০৮৫ ভোট। বিহারের বর্তমান বিরোধী দলের মর্যাদা পাওয়া এই দলটি তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পিকের এই জয় ‘জন সুরজ’ পার্টির প্রতিষ্ঠাতার দীর্ঘদিনের নীচু তলায় কাজের ফল। বিজেপি ও আরজেডির নির্বাচনী প্রচার শুরুর প্রায় দুই মাস আগেই তিনি প্রচারে নেমে পড়েছিলেন। এই সময়ে পিকে একাধিক জনসভা, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। বুথ-স্তরেও সংগঠন গড়ে তোলেন তিনি।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিধায়ক পদ ছাড়ায় আসনটি খালি হয়। এই কেন্দ্রে প্রচারের সময় প্রশান্ত কিশোর সমাজকর্মী ভরত তিওয়ারিকে এনকাউন্টারের বিষয়টি জনসভাগুলোতে তুলে ধরেন। এই নির্বাচনকে সম্রাট চৌধরী সরকারের গণভোট’ হিসেবে তুলে ধরেন ভোটকূশলী। কর্মসংস্থান, শিক্ষা ও সুশাসন ইস্যুতে তিনি লাগাতার প্রচার করেন।