ওঙ্কার ডেস্ক: বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার ৫১ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল ভোট কুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। সেই তালিকায় যেমন রয়েছেন গণিতজ্ঞ তেমনই রয়েছেন আইনজীবী ও চিকিৎসক।
জন সুরাজ পার্টির তালিকা অনুযায়ী, প্রথম দফার এই প্রার্থীদের মধ্যে ১৬ শতাংশ মুসলিম এবং ১৭ শতাংশ অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের। ভোট কুশলী থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া প্রশান্ত কিশোর বিহারের রাজনীতিতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। তাই প্রার্থী নির্বাচনের সময় তাঁদের স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দিয়েছেন। নির্বাচনী প্রতিযোগিতায় বেশ কয়েকজন প্রাক্তন আমলা এবং পুলিশ অফিসারকে সামিল করেছেন প্রশান্ত কিশোর। প্রার্থীদের মধ্যে রয়েছেন বিখ্যাত গণিতজ্ঞও। বিহারের কুমহরারে জন সুরাজ পার্টির তরফে প্রার্থী করা হয়েছে কেসি সিনহাকে। যিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর লেখা বই বিহার এবং অন্যান্য রাজ্যের স্কুলগুলিতে কয়েক দশক ধরে পড়ানো হচ্ছে।
অন্য দিকে মাঞ্জি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ওয়াই বি গিরিকে। পাটনা হাইকোর্টের এক জন সিনিয়র আইনজীবী তিনি। বহু হাই প্রোফাইল মামলা লড়েছেন তিনি। ওয়াইবি গিরি বিহারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং পাটনা হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের মামলার জন্য ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবেও কাজ করেছেন। মুজাফফরপুর আসনে প্রার্থী করা হয়েছে অমিত কুমার দাসকে। পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ছাত্র তিনি।
