ওঙ্কার ডেস্ক: নীতি আয়োগের সদর দফতর ঘুরে দেখলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হারিনী নিরেকা অমরসুরিয়া। বৃহস্পতিবার অর্থাৎ ১৬ অক্টোবর তিনি নীতি আয়োগের সদর দফতর পরিদর্শন করেন। তাঁর এই ভারত সফরে দুটি দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করতে এবং পরিকাঠামো, শিক্ষা, পর্যটন এবং কৃত্রিম মেধা-সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ভারত যে পদক্ষেপগুলি নিয়েছে, সে বিষয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে জানানো হয়েছে।
প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নীতি আয়োগের বিষয়ে তাঁর আগ্রহ প্রকাশ করেন। কী ভাবে এই প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও রাজ্যগুলির সঙ্গে নানা বিষয়ে পর্যালোচনা করে নীতি নির্ধারণ করে থাকে, সে বিষয়টি তাঁর কাছে আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি অমরসুরিয়া শ্রীলঙ্কার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন কে বেরি তাঁকে এদিন অভ্যর্থনা জানান। বিভিন্ন পরিকাঠামো মূলক প্রকল্পে পিএম গতিশক্তি-র মতো উদ্যোগ, সর্বাঙ্গীন শিক্ষায় শিক্ষিত করার জন্য জাতীয় শিক্ষানীতি ২০২০-র প্রয়োগ, কৃত্রিম মেধা ও প্রশাসনিক কাজে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার-সহ বিভিন্ন বিষয়ে তাঁকে অবগত করা হয়।
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করা, সুস্থায়ী উন্নয়নের অগ্রগতি এবং স্থানীয়স্তরে বিভিন্ন সমস্যার সমাধান ও সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দক্ষতার বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিবেশী প্রথম এবং মহাসাগর উদ্যোগের মাধ্যমে উভয় পক্ষই একটি প্রযুক্তি নির্ভর জনমুখী অংশীদারিত্বকে নিবিড় করার বিষয়ে একমত হয়েছে।
