নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: আপাতত আন্দোলন থামানোর বার্তা দিলেন ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর নির্দেশ, দিওয়ালি পর্যন্ত কোনও রকম প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবেন না।
সম্প্রতি রাজনৈতিক পারদ চড়ায় কর্মীদের পরিবারে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দীপক। তাঁর বক্তব্য, উৎসবের সময়টা আন্দোলনের বাইরে থেকে পরিবারের সঙ্গে কাটানোই ভালো।
মঙ্গলবার ইনস্টাগ্রাম লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করেন সিজেপি প্রধান। পাশাপাশি একটি ভিডিও বার্তাও দেন। সেখানেই তিনি দলের দুই সহযোদ্ধা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার প্রসঙ্গ তোলেন। যন্তর মন্তরে বিক্ষোভের পর তাঁরা এখন তিহারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন, যা নিয়ে উদ্বিগ্ন তিনি। লাইভে দীপক বলেন, নিজের আবেগ প্রকাশ করলে কটাক্ষের মুখে পড়তে হতে পারে জানেন, তবু সৌরভ ও আশুতোষ তাঁর কাছে পরিবারের সদস্যের মতো, তাই তাঁদের জন্য কষ্ট হচ্ছে।
উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরোধিতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি সহ বিরোধী শিবির। গত ১৩ অক্টোবর সেই কর্মসূচি থেকেই সৌরভ ও আশুতোষকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। পরে তাঁদের তিহার জেলে পাঠানো হয় এবং আদালত হেফাজতের মেয়াদ বাড়ায়।
কর্মীদের মনোবল ধরে রাখার বার্তা দিয়ে দীপকের মন্তব্য, সৌরভ ও আশুতোষের আত্মত্যাগ বিফলে যাবে না। বর্তমান পরিস্থিতিতে কর্মীদের বাড়ির লোকজন চিন্তায় রয়েছেন, তাই এই কয়েকদিন সবাই বাড়িতে থেকে উৎসব পালন করুন। তাঁর আরও দাবি, দু’জনেই গান্ধীজির দেখানো অহিংসার পথেই রয়েছেন। ত্যাগই আসল শক্তি, সব বাধা পেরিয়ে যেদিন তাঁরা হাসিমুখে বাইরে বেরিয়ে আসবেন, সেদিন দেশ তাঁদের সম্মান জানাবে।