ভারতের অবস্থান নিয়ে ফের মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের মধ্যেও নয়াদিল্লি যে নিরপেক্ষতা বজায় রেখেছে, তার ভূয়সী প্রশংসা করলেন তিনি। সেই সঙ্গে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
মস্কোতে ভালদাই ফোরামের মঞ্চ থেকে পুতিন বলেন, মোদী তাঁর ব্যক্তিগত বন্ধু। সুসম্পর্ক থাকা সত্ত্বেও বার বার ইউক্রেন সংঘাত থামানোর কথা বলেন তিনি। রুশ প্রেসিডেন্টের কথায়, “নরেন্দ্র মোদী সেই নেতাদের মধ্যে একজন, যাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকা সত্ত্বেও বার বার যুদ্ধ থামানো নিয়ে প্রশ্ন তোলেন। সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খোঁজার গভীর আগ্রহ রয়েছে তাঁর। তাঁর চিন্তাভাবনা যথেষ্ট ভাল। তিনি স্বাভাবিকভাবেই নিরপেক্ষ অবস্থান নেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারত নিরপেক্ষ অবস্থানে। মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ালেও কখনও যুদ্ধকে সমর্থন করেনি নয়াদিল্লি। এবার ভারতের এই অবস্থানকেই সম্মান জানাল রাশিয়া।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর পশ্চিমী নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বাড়ায় ভারত। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, ভারত তেল কেনায় রাশিয়া যুদ্ধ চালানোর রসদ পাচ্ছে। এই যুক্তিতে ভারতের উপর চড়া শুল্কও চাপায় আমেরিকা। তবে ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে ভারত বরাবরই জাতীয় স্বার্থের পক্ষে থেকেছে। মোদী সরকারের স্পষ্ট অবস্থান, জাতীয় স্বার্থ ও বাজারদর দেখেই বাণিজ্যিক সিদ্ধান্ত নেবে ভারত।
অন্যদিকে যুদ্ধের পর একাধিকবার পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মোদী। দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও। প্রতিবারই আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ব্রিকস সম্মেলনে পুতিন ভারতে এলে দ্বিপাক্ষিক বৈঠকেও একই অবস্থানে অনড় থাকেন মোদী।