ওঙ্কার ডেস্ক: কয়েক দিন আগেই ফুটপাথে দুধ গরম করা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাখির সকালে দেখা গেল ভিন্ন ছবি। শুক্রবার রাখি পূর্ণিমার সকালে কলকাতার বিভিন্ন এলাকায় ঘুরলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাধারণ মানুষের সঙ্গে রাখির বন্ধনে আবদ্ধ হলেন তিনি। রাখি পরালেন ফুটপাথবাসী, অটোচালক-সহ বিভিন্ন শ্রেণির মানুষকে।
শুধু রাখি পরানোই নয়। পথের খুদেদের হাতে তুলে দিলেন লাড্ডু ও চকোলেট। তাঁর সঙ্গে দেখা হওয়া মানুষজনও মন্ত্রীকে রাখি পরিয়ে দেন এদিন। কলকাতার বিভিন্ন এলাকায় নিয়মিত ঘোরেন অগ্নিমিত্রা পাল। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কোথাও সমস্যা থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।শুক্রবারও সেই রুটিনেই বেরিয়েছিলেন তিনি। গড়িয়াহাট-সহ একাধিক এলাকায় যান মন্ত্রী। সেখানেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাখি উৎসবে অংশ নেন।ফুটপাথবাসীদেরকেও বাদ দেননি তিনি। অগ্নিমিত্রার বক্তব্য, পরিচয়ের ভিত্তিতে রাখির বন্ধন আলাদা হতে পারে না। তাঁর কথায়, “সবাই তো বন্দেমাতরম বলে, সকলে ভারতের নাগরিক, কেন রাখি পরাব না?”
রাখির উৎসবের মধ্যেও যাদবপুর প্রসঙ্গ এড়াননি তিনি।তাঁর দাবি, যাদবপুর পশ্চিমবঙ্গেরই অংশ। একই সঙ্গে তা ভারতেরও অবিচ্ছেদ্য অংশ। মন্ত্রী বলেন, “যাদবপুর, পশ্চিমবঙ্গ তো ভারতের অংশ। কিন্তু এমন আচরণ করা হয় যেন যাদবপুর ভারতের বাইরে।” তাঁর হুঁশিয়ারি, বর্তমান সরকার এ ধরনের আচরণ বরদাস্ত করবে না।