অরুপ পোদ্দার, শিলিগুড়ি: সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতী হামলার শিকার এক স্কুল শিক্ষিকা। বুধবার সকালে শিলিগুড়ির শান্তিনগর এলাকায় প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিক্ষিকার নাম শিউলি দত্ত। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি হাঁটতে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় সজল দাস নামে এক ব্যক্তি আচমকা তাঁর উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতে এলোপাথাড়ি কোপ মারে। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত শিক্ষিকা ও অভিযুক্ত দুজনকেই উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে অভিযুক্ত সজল দাসকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই হামলা আচমকা নয়, পরিকল্পিত বলেই দাবি পরিবারের। তাদের অভিযোগ, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকাকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। এই নিয়ে আগেও আশিঘর ফাঁড়ি এবং মহিলা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবারের দাবি, অভিযুক্তের কঠোরতম শাস্তি হোক।
প্রকাশ্য রাস্তায় এক শিক্ষিকার উপর এমন হামলায় শান্তিনগর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, খতিয়ে দেখা হচ্ছে পুরনো হেনস্থার অভিযোগের বিষয়টিও।