ওঙ্কার ডেস্কঃ রবিবার ফের ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সেতুর মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সেতু দিতে সমস্ত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। কলকাতা পুলিশের ট্রাফিকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুধু তাই নয়, সেতুর পাশের হাঁটাচলার রাস্তাটিও পুরোপুরি বন্ধ থাকবে।
পুলিশ সূত্রে খবর, বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্যের কথা মাথায় রেখে সংস্কারের কাজ করা বাধ্যতামূলক হয়ে পড়েছে। ব্রিজের ‘স্টে কেবল’ ও ‘হেল্ডিং ডাউন কেবল’ পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি সেতুর বেয়ারিং বদলানোর কাজও হবে রবিবার। এই কাজ চলাকলীন সেতুতে কোনও গাড়ির চাপ থাকলে তা বিপজ্জনক হতে পারে।
বিজ্ঞপিতে জানানো হয়েছে, কে পি রোডের যে সমস্ত গাড়ি ঘোড়া পাস-এর কাছে ওয়াই-পয়েন্ট র্যা ম্পের মাধ্যমে বিদ্যাসাগর সেতুতে উঠত, সেগুলিকে কে পি রোডের ওয়াই-পয়েন্ট থেকেই ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর দিক থেকে আসা পূর্বমুখী গাড়িগুলি সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড -স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে পশ্চিমমুখী যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ‘১১ ফার্লং গেট’ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘোরানো হবে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ৫ জুলাই বিকল্প রুটে গাড়ির চাপ কমাতে প্রয়োজন অনুযায়ী শহরের অন্যান্য রাস্তাগুলিতেও ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হতে পারে।