ওঙ্কার ডেস্ক: রাহুল গান্ধীর বিদেশ সফর ঘিরে রাজনৈতিক বিতর্ক অব্যাহত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলা প্রতিবাদের মধ্যেই চার দিনের ভিয়েতনাম সফরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর এই সফর নিয়ে বিজেপির সমালোচনার মধ্যেই মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানালেন, রাহুলের সফর সম্পর্কে মন্তব্য করতে তিনি ইচ্ছুক নন।
কেরলে সাংবাদিকেরা থারুরের কাছে জানতে চান, কেন রাহুল গান্ধী বিদেশে গিয়েছেন। প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, “আমি কোনও ট্রাভেল এজেন্ট নই। আমাকে এই প্রশ্ন করে লাভ নেই।” নিজের উদাহরণ টেনে থারুর আরও বলেন, তিনি কেন দিল্লি ছেড়ে কেরলে এসেছেন, সেই প্রশ্নও করা যেতে পারে। প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট দায়িত্ব থাকে। তাই এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। প্রসঙ্গত, রাহুল গান্ধীর ভিয়েতনাম সফরকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। এর আগেও একাধিকবার তাঁর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। বর্তমান রাজনৈতিক সংঘাতের মধ্যেও সেই সমালোচনা আরও জোরালো হয়েছে।
বিজেপির দাবি, দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে ‘মিথ্যা কথা বলতে বলতে’ ক্লান্ত হয়ে ছুটি কাটাতে বিদেশে গিয়েছেন রাহুল। তাঁর বিমানযাত্রার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে পোস্ট করেছে পদ্ম শিবির। ভিডিয়োটিতে রাহুলকে বিমানে দেখা গিয়েছে। পাশাপাশি, তাঁর বিদেশ সফরের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্রের শাসকদল। বিষয়টি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা সম্বিত পাত্র। তাঁর দাবি, রাহুল গান্ধী বিদেশে জর্জ সোরোসের কাছ থেকে ‘প্রশিক্ষণ’ নিতে গিয়েছেন। ভারতের ক্ষতি করা এবং দেশে সরকার পরিবর্তনের পরিকল্পনা করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।