নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: ভোট কারচুপি এবং সিইসি জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিকে সামনে রেখে আন্দোলনকে আরও জোরদার করতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই বৈঠক ডেকেছেন। সেখানে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত হবে বলে খবর।
সূত্রের দাবি, এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েই মূলত আলোচনা হবে। বিরোধীদের অভিযোগ, সংশোধনের আড়ালে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই ইস্যুতে দিল্লিতে বড় জমায়েতের পরিকল্পনাও রয়েছে। ১ নভেম্বরের সেই সমাবেশের প্রস্তুতি নিয়েও এদিন কথা হতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরেই এই ইস্যুতে লাগাতার সরব বিরোধী শিবির। ১২ অক্টোবর সুপ্রিম কোর্টের সামনে ‘গণতন্ত্রের জন্য পদযাত্রা’ করে যৌথ স্মারকলিপি জমা দেন ইন্ডিয়া জোটের নেতারা। সেই মিছিলে সমাজকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও যোগ দেন। কড়া নিরাপত্তা ও ব্যারিকেডের মধ্যেই কর্মসূচি পালন করা হয়।
এর পরদিন, ১৩ অক্টোবর রাহুল গান্ধীর বাসভবনে চা-চক্রে মিলিত হন জোটের শীর্ষ নেতারা। সেখানেই স্পষ্ট করা হয়, ভোট চুরির অভিযোগে আন্দোলন থামবে না, বিষয়টি শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে।
রাজনৈতিক মহলের নজর এখন আজকের বৈঠকের দিকে। ১ নভেম্বরের সমাবেশে কীভাবে আরও বেশি দল ও সমর্থকদের একজোট করা যায় এবং আইনি ও রাজনৈতিক লড়াই কীভাবে একসঙ্গে চালানো হবে, তা নিয়েই রূপরেখা তৈরি হতে পারে।