নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: ওয়েবসাইটের প্রযুক্তিগত ত্রুটিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে চাঞ্চল্য। সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় বহু সরকারি ও বেসরকারি সংস্থা তাদের ওয়েবসাইট সাময়িক বন্ধ রেখেছে। ইউরোপের দেশগুলিতে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা, সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে ভারতীয় সংস্থাগুলিও।
সূত্রের খবর, বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে বড় ধরনের দুর্বলতা ধরা পড়েছে। এর জেরে পাসওয়ার্ড ছাড়াই ওয়েবসাইটে প্রবেশের সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা। এই ত্রুটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রযুক্তি দুনিয়া। ঝুঁকি এড়াতে বহু সংস্থা আপাতত তাদের পরিষেবা বন্ধ রাখার পথে হেঁটেছে।
এই গোলযোগের জেরে ব্যাঙ্ক, আর্থিক লেনদেন এবং সংবাদমাধ্যমের কাজে বিঘ্ন ঘটছে। জানা যাচ্ছে, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট এই পিএইচপি-তেই তৈরি। নব্বই দশকের গোড়ায় এর যাত্রা শুরু, তখন নাম ছিল ‘পার্সোনাল হোম পেজ’। এখন এটি পরিচিত ‘হাইপারটেক্সট প্রিপ্রসেসর’ নামে।
ত্রুটিটি প্রথম শনাক্ত করে গুগলের অধীনস্থ সাইবার নিরাপত্তা সংস্থা ‘উইজ’। তাদের দাবি, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি ৪ আর্গন’ এবং ‘জিপিটি-৫.৬ সল’ মডেলের সাহায্যে এই দুর্বলতা খুঁজে বের করা হয়েছে। ওপেন এআই-এর বক্তব্য, সাম্প্রতিক অতীতে ওয়েবসাইটে এত বড় ত্রুটি দেখা যায়নি।
পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম-সহ একাধিক দেশের স্বরাষ্ট্র মন্ত্রক জরুরি সতর্কতা জারি করে দ্রুত আপডেটের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই পিএইচপি ব্যবহারকারীদের জন্য সংশোধনী আপডেট পাঠানো শুরু হয়েছে।