ওঙ্কার ডেস্কঃ দু’দিনের রাজ্য সফরের শেষে নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে বাংলার জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ‘বিকশিত ভারত’ গঠন অসম্ভব। আর সেই লক্ষ্যেই কেন্দ্রের ‘ডবল ইঞ্জিন’ সরকার বাংলার পরিকাঠামো বদলাবে।
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষোভের সঙ্গে জানান, বিগত দিনে রাজ্য সরকারের লাগাতার অসহযোগিতার কারণে সড়ক, জাতীয় মহাসড়ক রেলপথ, মেট্রো এবং গ্যাস পাইপলাইনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মোট ৮২,৪৯২ কোটি টাকার কাজ সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। এবার বাংলার উন্নয়ন হবে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর দেওয়া “হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ”, এই তিন প্রতিশ্রুতির বাস্তবায়নে কেন্দ্রের তরফে ঢালাও বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে।
‘বিকশিত ভারত জি রামজি’ কর্মসূচির অধীনে গ্রামীণ কর্মসংস্থানে আমূল বদল আনা হচ্ছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত শুধু কেন্দ্রীয় সরকারই বরাদ্দ করেছে ৮,৫০৮ কোটি টাকা। রাজ্যের অংশ মিলিয়ে এই তহবিলের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১২,০৬৪ কোটি ৫০ লক্ষ টাকা। এই প্রকল্পের আওতায় এখন থেকে ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে।