ওঙ্কার ডেস্ক : দেশের মাটিতে ফিরছেন ভারতীয় নভচর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সব কিছু অনুকূল থাকলে আগামী ১৫ জুলাই, ভারতীয় সময় বিকেল ৩টের সময় তিনি পৃথিবীতে অবতরণ করবেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, Axiom-4 অভিযানের শেষ পর্বের কাজ শেষ করে শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ১৪ জুলাই, ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয় স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলে উঠবেন। তারপর পৃথিবীকে কয়েকবার প্রদক্ষিণ করে ধাপে ধাপে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নেমে আসবেন তিনি।
দু’সপ্তাহের এই অভিযানে শুভাংশু শুক্লা ভারতের হয়ে সাতটি গুরুত্বপূর্ণ মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা চালিয়েছেন। ভারতীয় জল ভাল্লুক বা টারডিগ্রেডের মহাকাশে বেঁচে থাকা ও প্রজনন নিয়ে গবেষণা করেছেন তিনি। মানুষ ও মহাকাশের সম্পর্ক নিয়ে শরীরে পেশিকোষের প্রভাব, নভচরদের পুষ্টির জন্য মহাকাশে মেথি ও মুগ ডালের বীজ বপন এবং সায়ানোব্যাকটেরিয়ার বৃদ্ধি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা প্রায় শেষ। বাকি পরীক্ষাগুলিও শেষ পর্যায়ে। গোটা সময়ে ইসরোর মেডিক্যাল দল শুক্লার স্বাস্থ্যের দিকে কড়া নজর রেখেছে। ইসরো জানিয়েছে, শুক্লা সম্পূর্ণ সুস্থ ও চাঙ্গা আছেন।
পৃথিবীতে ফিরেই প্রায় এক সপ্তাহ তিনি বিশেষজ্ঞ ফ্লাইট সার্জনদের পর্যবেক্ষণে থাকবেন। কারণ, দীর্ঘ সময় মহাকাশে থাকার পর দেহকে সমতলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে।
