ওঙ্কার ডেস্ক: রাজ্যের সরকারি দফতরগুলিতে বিদ্যুৎ ব্যবহারের নিয়মে বড় বদল আসছে। আগামী সেপ্টেম্বর থেকেই প্রায় ৪৪ হাজার সরকারি অফিসে চালু হচ্ছে প্রিপেড স্মার্ট মিটার। মিটার বসানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সরকারি দফতরে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ এবং বিলিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতেই এই উদ্যোগ।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই সমস্ত সরকারি অফিসে স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া শুরু হয়। মুখ্যসচিব মনোজ আগরওয়াল ইতিমধ্যেই দফতরগুলির প্রধান, রাজ্য পুলিশের ডিজি এবং জেলাশাসকদের এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার হিসাবে, ৩১ আগস্টের মধ্যে প্রায় ৪৪ হাজার সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটার চালু হয়ে যাবে। তবে রাজ্যে সরকারি অফিসের সংখ্যা প্রায় ৯০ হাজার। ফলে ধাপে ধাপে বাকি দফতরগুলিতেও এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
সরকারের লক্ষ্য ১০০ শতাংশ সরকারি অফিসকে স্মার্ট মিটার ব্যবস্থার আওতায় আনা। এর জন্য প্রতিটি সরকারি অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের মোবাইল নম্বর বিদ্যুৎ বণ্টন সংস্থার পোর্টালে নথিভুক্ত করতে বলা হয়েছে। ওই মোবাইল নম্বরেই বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন বার্তা পাঠানো হবে। বকেয়া বিল, বিল জমা দেওয়ার শেষ তারিখ এবং প্রয়োজনীয় তথ্য জানানো হবে এসএমএসের মাধ্যমে।