ওঙ্কার ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক স্বচ্ছতা থেকে পিএইচডি নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ এবিভিপি। শুক্রবার রাজভবনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের দাবি, পিএইচডি সংক্রান্ত অভিযোগে সিবিআই তদন্ত করতে হবে। অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
এবিভিপির অভিযোগের তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙার ঘটনাও। ওই ঘটনায় অধ্যাপক রাজেশ্বর সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। পাশাপাশি জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়েছে। প্রতিনিধিদলে ছিলেন এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখা জরুরি। প্রশাসনিক স্বচ্ছতার জন্য প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলেও দাবি করেন তিনি।
এদিকে এবিভিপির রাজভবন অভিযানের দিনই যাদবপুর নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘বন্দে মাতরম’ কর্মসূচির মঞ্চ থেকে তিনি এবিভিপির প্রশংসা করেন। শুভেন্দুর দাবি, দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছে এবিভিপি। এবার যাদবপুরেও সংগঠনটি সক্রিয় হবে বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে অবশ্য নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিয়ে প্রশ্ন তুলেছে বাম ছাত্র সংগঠন এসএফআই। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা খর্ব করার চেষ্টা চলছে।