ওঙ্কার ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। হেস্টিংস থানায় এই মামলা রুজু হয়েছে।
পুলিশের অভিযোগ, কলকাতার ক্যাথিড্রাল রোডে আয়োজিত টিএমসিপি-র সভায় আদালতের নির্দেশ মানা হয়নি। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। একই সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও এফআইআরে উল্লেখ করা হয়েছে। আদালতের নির্দেশ ছিল, সভা চলাকালীন ক্যাথিড্রাল রোডের উত্তরমুখী লেনটি যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। কিন্তু পুলিশের দাবি, বাস্তবে রাস্তার দু’দিকের লেনই বন্ধ হয়ে যায়। এর ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী দুপুর ৩টে পর্যন্ত সভা করার অনুমতি ছিল। কিন্তু অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্মসূচি চলতে থাকে। এই ঘটনাকেও মামলার অন্যতম ভিত্তি করা হয়েছে। শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভার আয়োজন করেছিল কালীঘাট শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক নেতা ও কর্মী। পুলিশ জানিয়েছে, মমতা ছাড়াও সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছে। ক্যাথিড্রাল রোডের সভা নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, আদালতের নির্দেশ অমান্য করে কর্মসূচি চালানো হয়েছে। ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।