ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সোমবার সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। এদিন অভিযানের সময় সিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। আর নাড্ডার আশ্বাসের পর অনশন প্রত্যাহার করে নিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। সোমবার দীর্ঘ ২৩ দিনের অনশন প্রত্যাহার করে নেন তিনি। সোনমের দেহে জলশূন্যতা, পটাশিয়ামের মাত্রা কমে যাওয়া এবং কিটোনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। এই অবস্থায় গত ১৮ জুলাই সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করে রাজধানীর পুলিশ।
সোমবার ককরোচ জনতা পার্টির নেতৃত্বের সঙ্গে নাড্ডার বৈঠকের পর আলোচনা প্রত্যাহার করে নিলেন সোনম। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে নাড্ডা জানান, আলোচনার প্রথম প্রস্তাবটি আন্দোলনকারীদের তরফ থেকে এসেছিল। সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ আলোচনা শুরু হয়। প্রথমে মৌখিক কথাবার্তা এবং পরবর্তীতে প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত বৈঠক হয়। বিকেল ৪টে নাগাদ আন্দোলনকারীরা তাঁকে একটি লিখিত স্মারকলিপি দেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আজ সকালে প্রথমবারের মতো সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব আন্দোলনকারীদের পক্ষ থেকেই আসে। সকাল ১১টা ৫০ মিনিট থেকে আমাদের আলোচনা চলছে। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। তাঁদের প্রতিনিধি দলের সঙ্গে প্রথমে বিস্তারিত মৌখিক আলোচনা হয়। এর পর বিকেল ৪টের দিকে তাঁরা আমাকে একটি লিখিত স্মারকলিপি দেন।’
উল্লেখ্য, এদিনই অনশন ভাঙেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোনম ওয়াংচুকের অনুরোধে তিনি অনশন ভাঙেন। জেপি নাড্ডার কাছে তাঁরা সোমবারই দাবি জানান, সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা সকল নিট পরীক্ষার্থীর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ। এখন মোদী সরকার পরবর্তীতে কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সকলেই।